কপিরাইট মামলার আসামি টিপু সুলতান আটক, পাইরেসির দায় স্বীকার
ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান অভিনীত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’-এর পাইরেসির মূলহোতা টিপু সুলতানকে (৩৫) গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৭ জুন) বিকেলে জেলা শহরের মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত টিপু সুলতান বেগমগঞ্জ উপজেলার জিরতলী ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা।
ডিবি সূত্রে জানা গেছে, টিপু সুলতান ঢাকার বনানী থানায় দায়ের করা কপিরাইট আইনের মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, টিপু সুলতান স্বীকার করেছেন যে তিনি অবৈধভাবে ‘তাণ্ডব’ সিনেমার সম্পূর্ণ এইচডি সংস্করণ অনলাইনে ছড়িয়ে দেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোহাম্মদ ইব্রাহীম জানান, এটি একটি সংঘবদ্ধ চক্র, এবং টিপু তার সম্পৃক্ততা নিজ মুখেই স্বীকার করেছে।
মামলাটি করেছেন সিনেমাটির প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (শাহরিয়ার শাকিল)। বর্তমানে গ্রেফতারকৃত আসামিকে ঢাকায় পাঠানো হচ্ছে এবং বনানী থানায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, পরিচালক রায়হান রাফীর পরিচালনায় ‘তাণ্ডব’ ছবিটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে। শাকিব খান ও সাবিলা নূরের জুটির এই সিনেমা দর্শকমহলে দারুণ প্রশংসিত হচ্ছে।