বিশ্ববাজারে স্বস্তি ফিরেছে জ্বালানি তেলের দামে।
ইরানে হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি— মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর বিশ্ববাজারে কিছুটা স্বস্তি ফিরেছে জ্বালানি তেলের দামে। বৃহস্পতিবার (১৯ জুন) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার পর সম্প্রতি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যায়। প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম উঠে দাঁড়ায় ৭৬.৭০ ডলারে, এবং মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) প্রতি ব্যারেল বিক্রি হয় ৭৫.১৪ ডলারে।
তবে বুধবার (১৮ জুন) ট্রাম্পের ঘোষণা— যে তিনি এখনও ইরানে সামরিক হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি—এর পরপরই তেলের বাজারে দরপতন দেখা দেয়।
পরদিন বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম কমে ৩৭ সেন্ট (০.৪৮%) দাঁড়িয়েছে ৭৬.৩৩ ডলারে। অপরদিকে, WTI ক্রুডের দাম কমেছে ২৮ সেন্ট (০.৩৭%), বিক্রি হচ্ছে ৭৪.৮৬ ডলারে।
এদিকে, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এশিয়ার শেয়ারবাজারেও নেতিবাচক প্রভাব পড়েছে। জাপান, তাইওয়ান ও হংকংয়ের শেয়ার সূচক প্রায় ১ শতাংশ হ্রাস পেয়েছে। একইসঙ্গে, নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা বেড়েছে। ফলে স্বর্ণের দাম ০.৩ শতাংশ বেড়ে বর্তমানে প্রতি আউন্স ৩,৩৭৮ ডলারে বিক্রি হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) ইসরায়েল ইরানে হামলা চালানোর পরপরই ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, যা বিশ্ববাজারে আশঙ্কা এবং অস্থিরতা তৈরি করেছে।