ওয়াশিংটনে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার বৈঠক
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডোর সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।
বুধবার (১৮ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল— রোহিঙ্গা সংকট, দ্বিপাক্ষিক শুল্ক আলোচনা, দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ভূরাজনৈতিক পরিস্থিতি, এবং বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর।
বৈঠকে ক্রিস্টোফার ল্যান্ডো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বের প্রশংসা করেন এবং বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থনের আশ্বাস দেন।
পরে ড. খলিলুর রহমান যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেনডান লিঞ্চের সঙ্গে আরেকটি বৈঠক করেন। সেখানে দুই দেশের পারস্পরিক শুল্ক চুক্তি নিয়ে গঠনমূলক ও ফলপ্রসূ আলোচনা হয় বলে জানানো হয়েছে।