ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ, মুসলিম ঐক্যের আহ্বান
ইরানের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ জুন) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বিক্ষোভ র্যালি বের হয়, যা ঘুরে এসে শেষ হয় টিএসসি রাজু ভাস্কর্যের সামনে।
সমাবেশে আয়োজকরা বলেন, মুসলিম জাতিকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চারভাবে রুখে দাঁড়াতে হবে। মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানানো হয়—ইরানের পাশে দাঁড়িয়ে হামলা বন্ধে কার্যকর ভূমিকা রাখার জন্য।
প্রসঙ্গত, ইরান-ইসরায়েল সংঘাতে পাল্টাপাল্টি হামলায় প্রাণহানি বেড়েই চলেছে। ইসরায়েল জানিয়েছে, ইরানি হামলায় এ পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে, ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানে অন্তত ৬৩৯ জন নিহত এবং ১,৩২০ জনের বেশি আহত হয়েছেন।