হলিউডে শাকিব খান! আসিক আকবরের ক্রাইম-থ্রিলারে প্রধান চরিত্রে
ঢালিউড আর টালিউড পেরিয়ে এবার সরাসরি হলিউডে অভিষেক ঘটাতে চলেছেন বাংলাদেশের মেগাস্টার শাকিব খান। জনপ্রিয় বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নির্মাতা আসিক আকবর পরিচালিত একটি ক্রাইম-থ্রিলার ঘরানার সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন ‘ঢালিউড কিং’ খ্যাত এই অভিনেতা।
এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পরিচালক আসিক আকবর নিজেই। তিনি জানান, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। শাকিব খান থাকবেন কেন্দ্রীয় চরিত্রে।
সিনেমায় থাকছে দুটি নায়িকা চরিত্র—একজন হবেন বাংলাদেশের অভিনেত্রী, আর অন্যজন হলিউডের পরিচিত মুখ। এছাড়া, খল চরিত্রে দেখা যাবে হলিউডের একজন জনপ্রিয় তারকাকে। যদিও এখনই কাস্টিং চূড়ান্ত হয়নি, তবে পরিচালক জানিয়েছেন, আগামী মাসের শুরুতেই সব সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে।
পরিকল্পনা অনুযায়ী, সিনেমাটি ২০২৬ সালে বিশ্বব্যাপী মুক্তি পাবে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি।
প্রসঙ্গত, আসিক আকবর এর আগেও আন্তর্জাতিক মানের বেশ কিছু সিনেমা নির্মাণ করেছেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—‘অ্যাস্ট্রো’, ‘বনইয়ার্ড’, ‘স্মোক ফিল্ড লাংস’, ‘দ্য কমান্ডো’ এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ প্রযোজনায় নির্মিত স্পাই থ্রিলার ‘এমআর–নাইন’।
এই নতুন উদ্যোগে শাকিব খানের অংশগ্রহণ নিঃসন্দেহে ঢালিউডের জন্য একটি বড় মাইলফলক হতে চলেছে।