বাংলাদেশ-চীন-পাকিস্তান ত্রিপক্ষীয় প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগ
অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নের লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় সহযোগিতা প্ল্যাটফর্ম গঠনে সম্মত হয়েছে বাংলাদেশ, চীন ও পাকিস্তান।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুক্রবার (২০ জুন) প্রকাশিত তথ্যমতে, আগের দিন বৃহস্পতিবার (১৯ জুন) চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে প্ল্যাটফর্মটি গঠনের বিষয়ে বিশদ আলোচনা হয়।
বৈঠকে অংশ নেয়া তিন দেশ চীন, বাংলাদেশ ও পাকিস্তান—পারস্পরিক শ্রদ্ধা, সমতা, বিশ্বাস, উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, যৌথ উন্নয়ন এবং ‘উইন-উইন’ সহযোগিতার ভিত্তিতে ত্রিপক্ষীয় অংশীদারিত্ব আরও গভীর করতে সম্মত হয়।
এ উদ্যোগের লক্ষ্য হলো শিল্প, বাণিজ্য, সমুদ্র বিষয়ক কার্যক্রম, জলসম্পদ, জলবায়ু পরিবর্তন, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, গবেষণা প্রতিষ্ঠান (থিঙ্ক ট্যাঙ্ক), স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি এবং যুবসম্পৃক্ত বিষয়গুলোতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি ও বাস্তবায়ন করা।
বৈঠকে এ-ও সিদ্ধান্ত হয়, আলোচনার ভিত্তিতে তিন দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে, যারা এসব খাতে বাস্তবভিত্তিক পদক্ষেপ বাস্তবায়নে কাজ করবে।
বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিক এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্র সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। এছাড়া পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালুচ ভার্চুয়ালি যুক্ত ছিলেন বৈঠকে।