স্ত্রীর দান করা কিডনিতে নতুন জীবন পেলেন কুদ্দুস বিশ্বাস
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া এলাকার ব্যবসায়ী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস বিশ্বাস (৫০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। চিকিৎসকদের মতে, তার জীবন রক্ষার একমাত্র উপায় ছিল কিডনি প্রতিস্থাপন।
এই সংকটময় সময়ে মানবিক ও সাহসী সিদ্ধান্ত নেন তার স্ত্রী ফারজানা (৩০)। তিনি স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি স্বেচ্ছায় দান করেন— যা ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ।
প্রয়োজনীয় সব স্বাস্থ্য পরীক্ষা ও অনুমোদনের পর, উন্নত চিকিৎসার জন্য কুদ্দুস বিশ্বাসকে তুর্কিস্তানের একটি বিশেষায়িত হাসপাতালে পাঠানো হয়। সেখানে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়।
প্রায় চার মাসের চিকিৎসা ও পুনর্বাসন শেষে, শুক্রবার বিকাল ৪টার দিকে হেলিকপ্টারে করে তিনি নিজ এলাকায় ফিরে আসেন।
যশোর-বেনাপোল মহাসড়কের পাশে বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়ে ওঠে। হাজারো মানুষ রাস্তার পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থেকে ফুল, ব্যানার, মিষ্টি ও শুভেচ্ছা বার্তায় বরণ করে নেন তাদের প্রিয় মানুষটিকে।
শার্শা উপজেলা সাবেক সংসদ সদস্য মো. মফিকুল হাসান তৃপ্তি বলেন, “এটি শুধু চিকিৎসার সাফল্য নয়, বরং ভালোবাসা, আত্মত্যাগ এবং মানবিকতার এক অনন্য নজির। ফারজানা ভাবি শুধু একজন স্ত্রী নন, একজন সাহসী নারী।”
এলাকাবাসীর মুখে মুখে এখন একটাই কথা—
ভালোবাসা আজও বেঁচে আছে, কারণ ফারজানার মতো মানুষরা আছেন।