সংসদ ছাড়াই পাস হবে বাজেট, আজই জারি হতে পারে অধ্যাদেশ
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রোববার ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থবছরের বাজেট পাসের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।
পূর্বঘোষণা অনুযায়ী, আজই (রোববার) অধ্যাদেশ জারির মাধ্যমে নতুন অর্থবছরের বাজেট পাস করা হতে পারে। এর আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অর্থবিলে স্বাক্ষর করবেন।
অর্থবিভাগ সূত্রে জানা গেছে, সকালে উপদেষ্টা পরিষদের সভায় প্রস্তাবিত বাজেট পাসের জন্য অধ্যাদেশ জারি করা হবে। নিয়ম অনুযায়ী, এই বাজেট কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
প্রতিবছর বাজেট নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে তর্ক-বিতর্ক হয়। তবে বর্তমানে সংসদ কার্যকর না থাকায় এবারের বাজেট নিয়ে কোনো আলোচনা হয়নি।
উল্লেখ্য, গত ২ জুন অন্তর্বর্তী সরকার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করে, যেখানে ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।
তবে এবারের বাজেট চলতি অর্থবছরের তুলনায় প্রায় ৭ হাজার কোটি টাকা কম। প্রস্তাবিত বাজেটে জনসাধারণের আয় বৃদ্ধি বা জীবনমান উন্নয়নের জন্য তেমন কোনো স্পষ্ট পরিকল্পনা না থাকায় বিশেষজ্ঞরা মনে করছেন, এতে সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আসবে না।