মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › উপদেষ্টা পরিষদের অনুমোদনে চূড়ান্ত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

উপদেষ্টা পরিষদের অনুমোদনে চূড়ান্ত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

favicon
ভোরের আলো ডেস্ক:
উপদেষ্টা পরিষদের অনুমোদনে চূড়ান্ত ২০২৫-২৬ অর্থবছরের বাজেট

২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার (২২ জুন) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই বাজেট চূড়ান্ত করা হয়।


ঘোষিত বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বাজেটে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন না থাকলেও সমালোচনার মুখে ফ্ল্যাট কেনা ও ভবন নির্মাণে অপ্রদর্শিত বা কালোটাকা সাদা করার সুযোগ তুলে দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, এই বাজেটের মাধ্যমে সাড়ে ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা।


বাজেটে ২ লাখ ২৬ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে সরকার অভ্যন্তরীণ উৎস থেকে ১ লাখ ২৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে ১ লাখ ১ হাজার কোটি টাকা ঋণ গ্রহণ করবে।


এবার সংসদ না থাকায় বাজেট নিয়ে স্বাভাবিক বিতর্ক বা আলোচনার সুযোগ হয়নি। তবে অর্থ বিভাগের ওয়েবসাইটে জনমত জানানোর সুযোগ রাখা হয়। কিছু চেম্বার ও ব্যবসায়ী সংগঠন সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে, কেউ কেউ অর্থ উপদেষ্টার সঙ্গেও মতবিনিময় করেছেন।


চলতি অর্থবছরে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগের জন্য মূল বাজেটে বরাদ্দ ছিল ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকা। সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা। বাকি ৫২টি মন্ত্রণালয় ও বিভাগের বরাদ্দ অপরিবর্তিত বা কিছুটা কমেছে।


প্রসঙ্গত, সংসদ কার্যকর না থাকায় এবারের বাজেট ২ জুন টেলিভিশনে উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।