১০ বছরের বেশি প্রধানমন্ত্রী না থাকার প্রস্তাব দলীয়ভাবে বিবেচনায় নেবে বিএনপি
একজন ব্যক্তি যেন জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন— এমন প্রস্তাব নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
রোববার (২২ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের সংলাপের পঞ্চম দিন শেষে এ কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, “সংবিধানের মূলনীতির প্রশ্নে বিএনপি পঞ্চম সংশোধনীর জায়গায় ফিরে যেতে চায়। সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও সামাজিক সুবিচার— এসব বিষয় সংবিধানে রাখতে আমাদের কোনো আপত্তি নেই।”
সালাহউদ্দিন আরও বলেন, “রাজনৈতিক দলগুলো একসঙ্গে না হতে পারলে তা জাতির জন্য হতাশাজনক হবে। যদিও অনেক বিষয়ে একমত হওয়া যাচ্ছে না, তবুও ন্যূনতম বিষয়ে একমত হওয়া এখন জরুরি।”
এর আগে সকালে সংলাপে জামায়াতে ইসলামী বাংলাদেশের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের প্রস্তাব করেন, “এক ব্যক্তি যেন জীবদ্দশায় সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারেন।”
তিনি বলেন, “এ ধরনের সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতির জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবে।” এ সময় তিনি উল্লেখ করেন, প্রস্তাবিত বিষয়টিতে তিনটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই একমত হয়েছে।