সংবিধান সংশোধনী নিয়ে বিতর্ক: রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন—স্পিকার না প্রধান বিচারপতি?
রাষ্ট্রপতিকে শপথ পাঠ করানোর বৈধতা নিয়ে জারি করা রুলের চূড়ান্ত শুনানির দিন ৭ জুলাই নির্ধারণ করেছেন হাইকোর্ট। সোমবার (২৩ জুন) বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।
এর আগে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকার কর্তৃক শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট আবেদন করা হয়। এতে প্রধান বিচারপতি যাতে রাষ্ট্রপতিকে শপথ পড়ান, সেই নির্দেশনার আবেদন জানানো হয়।
গত ১১ মার্চ হাইকোর্ট রাষ্ট্রপতির শপথ স্পিকার পড়ানো কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। রুলে আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়।
উল্লেখ্য, সংবিধানের চতুর্থ সংশোধনের আগে রাষ্ট্রপতিকে শপথ পাঠ করাতেন প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্ট শপথ পাঠ করাতেন বিচারপতিদের। চতুর্থ সংশোধনের মাধ্যমে এই প্রথায় পরিবর্তন এনে স্পিকারকে শপথ পাঠ করানোর দায়িত্ব দেওয়া হয়। পরে পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটি বাতিল হলেও, ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আবারও স্পিকারকে এই দায়িত্ব দেওয়া হয়।