শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়‘মব’ নিয়ন্ত্রণে অহিংস পদক্ষেপ নিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা

‘মব’ নিয়ন্ত্রণে অহিংস পদক্ষেপ নিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
‘মব’ নিয়ন্ত্রণে অহিংস পদক্ষেপ নিচ্ছে সরকার: পরিবেশ উপদেষ্টা


সরকার অহিংস উপায়ে 'মব' (জনতার উশৃঙ্খলতা) বন্ধের চেষ্টা করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সোমবার (২৩ জুন) সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।


তিনি জানান, সদ্য সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে জনতার হাতে লাঞ্ছিত করার ঘটনায় সরকার গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে সরকার শুধু বিবৃতিতে থেমে থাকেনি, কার্যকর পদক্ষেপও নিয়েছে।


পরিবেশ উপদেষ্টা বলেন, “আদর্শ পরিস্থিতিতে সরকার ক্ষমতায় আসেনি। তাই মব বন্ধে সরকারের প্রচেষ্টা অহিংস ও ধাপে ধাপে চলছে। পুলিশ ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে, গেল ১০ মাস ধরে সরকার এ বিষয়ে কাজ করছে। তবে এখনো সন্তুষ্ট হওয়ার মতো অবস্থা নয়।”


সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ পুনরুদ্ধার নিয়ে প্রশ্নের উত্তরে তিনি জানান, সরকারের উদ্যোগে দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে। সেখানে একটি মাস্টারপ্ল্যান তৈরি হচ্ছে এবং বিকল্প জীবিকার ব্যবস্থার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। “আমরা দ্বীপটিকে বাঁচাতে চাই, সেটি সম্ভব হলে সব আশঙ্কা দূর হবে,” বলেন তিনি।


পরিবেশ সংক্রান্ত অন্যান্য উদ্যোগ তুলে ধরে রিজওয়ানা হাসান জানান:


ঢাকায় খোলা বালুবাহী পরিবহন নিষিদ্ধ


ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে পরিবেশ মন্ত্রণালয় ও বিআরটিএ যৌথ অভিযান চালাবে—এটাই প্রথম


শপিং সেন্টারগুলোতে পলিথিন ব্যবহার বন্ধ করা হয়েছে, তবে কাঁচাবাজারে এখনো রয়ে গেছে।

এই সমস্যা সমাধানে জুলাই থেকে কাঁচাবাজারে পলিথিনবিরোধী অভিযান শুরু হবে এবং পাটের ব্যাগ সরবরাহ করা হবে।


শিল্পদূষণ নিয়ন্ত্রণে আগামী ৬ মাসকে অগ্রাধিকার দিয়ে কাজ করার পরিকল্পনা তুলে ধরে তিনি জানান, এ জন্য মাঠে কাজ করতে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। টাঙ্গুয়ার হাওরে অতিরিক্ত যান্ত্রিক নৌযান চলাচল নিয়ন্ত্রণেও পদক্ষেপ নেওয়া হচ্ছে, এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।