রোহিঙ্গাদের জন্য নতুন উন্নয়ন প্রকল্প, ব্যয় সাড়ে ৬শ কোটি টাকা
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ভরণপোষণ ও জীবনমান উন্নয়নে নতুন একটি উন্নয়ন প্রকল্প চালু হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে রোহিঙ্গা শিবিরের পানি সংকট এবং অবকাঠামো সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৬৫৮ কোটি টাকা, যার মধ্যে একটি বড় অংশ অনুদান। এছাড়া, এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) ২৩২ কোটি টাকা ঋণ হিসেবে দিচ্ছে। প্রকল্পটি ২০২৮ সালের মধ্যে বাস্তবায়ন করবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
মঙ্গলবার (২৪ জুন) সকালে এনইসি মিলনায়তনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত হয়। সভার এজেন্ডায় মোট ১৫টি প্রকল্পের আলোচনা হয়েছে, যেগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৮৬৮ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়ন প্রকল্পে ১৮টি খাতে ব্যয় হ্রাস করা হয়েছে। প্রকল্পের আওতায় ভাসানচরে মানব বর্জ্য ব্যবস্থাপনা, উখিয়ায় পানি সংরক্ষণাগার উন্নয়ন এবং টেকনাফ পৌরসভায় নিরাপদ পানির পাইপলাইন নির্মাণ করা হবে।
এছাড়া, একনেক সভায় আরও আলোচনায় রয়েছে সাতটি বিভাগীয় শহরে মাদকাশক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র, তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ, এবং সার সংরক্ষণের জন্য গোডাউন নির্মাণ প্রকল্প।