বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো ‘গুগল পে’
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল লেনদেন সেবা ‘গুগল পে’। গুগল, মাস্টারকার্ড এবং ভিসার সহযোগিতায় এই সেবা চালু করেছে সিটি ব্যাংক পিএলসি, যা দেশের প্রথম ব্যাংক হিসেবে গুগল পে’র সঙ্গে যুক্ত হলো।
মঙ্গলবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে ‘গুগল পে’ সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন এবং সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ কামাল, ভিসা বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহম্মেদসহ অন্যান্য প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
উদ্বোধনী বক্তব্যে গভর্নর বলেন, “বাংলাদেশ এখন ক্যাশলেস লেনদেনের পথে আরও একধাপ এগিয়ে গেছে। বিদেশি প্রযুক্তি ও বিনিয়োগ আমাদের অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।”
প্রথম ধাপে শুধুমাত্র সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ডধারীরা তাদের কার্ড ‘গুগল ওয়ালেট’-এ যুক্ত করে ‘গুগল পে’ ব্যবহার করতে পারবেন। ভবিষ্যতে অন্যান্য ব্যাংক যুক্ত হলে এই সুবিধা আরও বিস্তৃত হবে।
‘গুগল পে’ ব্যবহারকারীরা এখন থেকে দেশের যেকোনো পয়েন্ট-অব-সেল (POS) টার্মিনাল বা বিদেশে শুধুমাত্র স্মার্টফোন ট্যাপ করেই দ্রুত, নিরাপদ এবং নিরবচ্ছিন্ন লেনদেন করতে পারবেন—কার্ড সঙ্গে রাখার দরকার হবে না। এই সেবার জন্য গুগল গ্রাহকদের কাছ থেকে কোনো প্রকার ফি নেয় না।
এই সুবিধা পেতে ব্যবহারকারীদের একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে এবং প্লে স্টোর থেকে ‘গুগল পে’ অ্যাপটি ডাউনলোড করে কার্ড যুক্ত করতে হবে। এরপর ব্যবহারকারী যে কোনো দোকান, শপিংমল বা রেস্তোরাঁয় গুগল পে দিয়ে সহজেই অর্থ পরিশোধ করতে পারবেন।