এইচএসসি পরীক্ষা শুরু আজ, পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার
আজ বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয়ে আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে লিখিত পরীক্ষা। এরপর ১১ থেকে ২১ আগস্টের মধ্যে অনুষ্ঠিত হবে ব্যবহারিক পরীক্ষা।
এ বছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী সংখ্যা ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। তবে গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজারের বেশি।
উল্লেখযোগ্য বিষয় হলো, দুই বছর আগে এসএসসি পাস করে রেজিস্ট্রেশন করা সত্ত্বেও এবার পরীক্ষা দিচ্ছেন না ৪ লাখেরও বেশি শিক্ষার্থী।
বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার্থী আছেন ১০ লাখ ৫৫ হাজারের বেশি, মাদ্রাসা বোর্ডে আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজারের বেশি।
পরীক্ষাগুলো সারাদেশে ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে।