মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৯ সেপ্টেম্বর ২০২৬
হোম › অর্থনীতি-ব্যবসা › সরবরাহ স্বাভাবিক, তবু হঠাৎ চালের বাজারে অস্থিরতা

সরবরাহ স্বাভাবিক, তবু হঠাৎ চালের বাজারে অস্থিরতা

favicon
ভোরের আলো ডেস্ক:
সরবরাহ স্বাভাবিক, তবু হঠাৎ চালের বাজারে অস্থিরতা

ভরা মৌসুমে খুচরা বাজারে হঠাৎ করেই চালের দাম বেড়ে গেছে, যা ভোক্তাদের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সব ধরনের চালের দামই এখন ঊর্ধ্বমুখী। ক্রেতারা বলছেন, সংসারের আয়-ব্যয়ের ভারসাম্য রক্ষা করতে হিমশিম খেতে হচ্ছে। বাজারে এ অস্থিরতার মূল কারণ হিসেবে তারা জবাবদিহিতার অভাবকে দায়ী করছেন।


বাজার ঘুরে জানা গেছে, গত দুই সপ্তাহে মোটা চালের দাম প্রতি কেজিতে ২-৩ টাকা এবং সরু চালের দাম ৭-৮ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা জানান, এক বস্তা চালের দাম প্রায় ৪০০ টাকা বেড়ে গেছে। ফলে বেশি দামে কিনে কম দামে বিক্রি করা সম্ভব নয়, বাধ্য হয়েই তারা বাড়তি দামে বিক্রি করছেন।


তবে আশ্চর্যের বিষয়, বাজারে চালের কোনো সরবরাহ সংকট নেই। চাহিদাও বাড়েনি, এমনকি পরিবহন বা শ্রমিক মজুরি বৃদ্ধির কোনো তথ্যও নেই। একজন চাল ব্যবসায়ী জানান, ঈদের পর থেকেই চালের দাম হঠাৎ করেই বাড়তে শুরু করেছে, যদিও সরবরাহ আগের মতোই রয়েছে।


চালের দাম বৃদ্ধির পেছনে ধানের মূল্য বৃদ্ধিকেই দায়ী করছেন মিল মালিকরা। বাংলাদেশ অটো, মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সহ-সভাপতি সহিদুর রহমান পাটোয়ারি বলেন, অনেকেই স্টক বিজনেসের নামে ধান ও অন্যান্য খাদ্যশস্য মজুত করছে। এতে মিলারদের উচ্চ দামে ধান কিনতে বাধ্য হতে হচ্ছে, যার প্রভাব পড়ছে চালের বাজারে।


অর্থনীতিবিদরা বলছেন, চালকল মালিক, বড় ব্যবসায়ী ও করপোরেট হাউজের কিছু অসাধু চক্র বাজারে কারসাজি করছে। কৃষি অর্থনীতিবিদ ড. জাহাঙ্গীর আলম খান মনে করেন, সরকার মনিটরিং ব্যবস্থা জোরদার করলে অবৈধ মজুত রোধ করা সম্ভব, এবং দামও স্বাভাবিক হবে।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান জানান, চালকল বা ব্যবসায়ীদের বিরুদ্ধে খাদ্য আইনের ব্যত্যয় প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাইকারি ও খুচরা পর্যায়ের ব্যবসায়ীদের বিরুদ্ধেও একইভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


খাদ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, দেশে বর্তমানে মোট ১৬ লাখ ৭১ হাজার টন খাদ্যশস্য মজুত রয়েছে, যার মধ্যে চালের পরিমাণ প্রায় ১৩ লাখ টন। তা সত্ত্বেও বাজারে চালের এই অস্থিরতা নানা প্রশ্নের জন্ম দিচ্ছে।