ছয় বছরের সংসার ভাঙছে কনার, রহস্যে মোড়া ইফতেখারের প্রতিক্রিয়া
জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনার ছয় বছরের দাম্পত্য জীবনে ভাঙনের সুর বাজছে। গতকাল (বুধবার) রাত সাড়ে ১০টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি আনুষ্ঠানিকভাবে জানান, তার ও স্বামী গোলাম মো. ইফতেখারের মধ্যে ১৬ জুন তাদের বিচ্ছেদ হয়েছে।
তবে কনার এই ঘোষণার কিছুক্ষণ পরই স্বামী ইফতেখার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দাবি করেন, তাদের বিচ্ছেদ হয়নি। তিনি লেখেন, “আমাদের মধ্যে কিছু পারিবারিক সমস্যা চলছে, যা আমরা একসঙ্গে সমাধানের চেষ্টা করছি।”
তিনি আরও বলেন, “যদি কখনও বিচ্ছেদ হয়, সেটি হবে আমাদের দীর্ঘদিনের দ্বন্দ্বের ফল, কোনো পরকীয়া কিংবা নোংরা গুজবের কারণে নয়। কনা সম্পর্কে মিথ্যা বা বানোয়াট সংবাদ ছড়ালে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।”
তবে রাতেই এই পোস্টটি মুছে ফেলেন ইফতেখার। এরপর থেকে বিচ্ছেদ নিয়ে আর কোনো বক্তব্য দেননি তিনি। তার এই আচরণে আরও রহস্য তৈরি হয়েছে কনা-ইফতেখার দাম্পত্য জীবন নিয়ে।
উল্লেখ্য, ২০১৯ সালের এপ্রিলে বিবাহবন্ধনে আবদ্ধ হন কনা ও ইফতেখার। এর আগে সাত বছর প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। তবে সম্পর্কের জটিলতা নিয়ে আগে কখনো প্রকাশ্যে মুখ খুলেননি কেউই।