মানসিক রোগে ভোগা যুবকের করুণ মৃত্যু, ট্রেনে কাটা পড়ে নিহত
ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) সকাল সাড়ে ৫টার দিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের ইয়ার্ডে মালবাহী ট্রেনের নিচে পড়লে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান কালীগঞ্জ পৌরসভার কাশিপুর গ্রামের মুক্তার হোসেনের ছেলে। পরিবার ও স্থানীয়দের বরাতে জানা গেছে, মেহেদী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি পাবনার একটি মানসিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এবং কিছুদিন আগে বাড়ি ফেরেন।
দুর্ঘটনার সময় রেলওয়ে ইয়ার্ডে একটি মালবাহী ট্রেন পাথর লোড-আনলোডের জন্য চার নম্বর লাইনে সরানো হচ্ছিল। তখনই হঠাৎ করে মেহেদী ট্রেনের নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই প্রাণ হারান।
মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার অরুপ বিশ্বাস বলেন, "ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।"
স্থানীয় এলাকাজুড়ে এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবারে চলছে আহাজারি।