শনিবার , ১৫ আগস্ট ২০২৬
শনিবার , ১৫ আগস্ট ২০২৬
হোমজাতীয়আকাশে ২৫০০ ফিটে ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ বিমানের

আকাশে ২৫০০ ফিটে ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ বিমানের

favicon
ভোরের আলো ডেস্ক:
আকাশে ২৫০০ ফিটে ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ বিমানের

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই কারিগরি সমস্যায় পড়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিঙ্গাপুরগামী ফ্লাইট বিজি ৫৮৪। শুক্রবার (২৭ জুন) সকালে ঘটে যাওয়া এই ঘটনায় বিমানে থাকা ১৫৪ জন যাত্রী ও সাতজন ক্রু সবাই নিরাপদে ফিরে এসেছেন।


বিমানের তথ্য অনুযায়ী, বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ফ্লাইটটি সকাল ৮টা ৩৮ মিনিটে উড্ডয়ন করেছিল। কিন্তু ২৫০০ ফিট উচ্চতায় ওঠার পর ক্যাপ্টেন ইঞ্জিনে সমস্যা শনাক্ত করেন এবং সতর্কতা হিসেবে ফিরে আসার সিদ্ধান্ত নেন। সকাল ৯টায় বিমানটি নিরাপদে শাহজালালে অবতরণ করে এবং পার্ক করা হয় ১৪ নম্বর বে’তে।


স্টেশন ম্যানেজার অপূর্ব জানিয়েছেন, “যান্ত্রিক ত্রুটিযুক্ত বিমানটিকে হ্যাঙ্গারে নেয়া হয়েছে। যাত্রীদের জন্য নতুন ফ্লাইট দুপুর ১টা ১৫ মিনিটে ছাড়বে।”


এভিয়েশন বিশ্লেষক নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, “গত এক বছরে অন্তত ২০টি পাখির আঘাতের ঘটনা ঘটেছে। যদিও এবার পাখির আঘাতের প্রমাণ মেলেনি, তবে ফ্রিকোয়েন্সি ডিটেক্টর নষ্ট থাকায় পাখি নিয়ন্ত্রণে জটিলতা তৈরি হচ্ছে। সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে।”


ফ্লাইটে থাকা যাত্রীদের মাঝে কিছুটা আতঙ্ক ছড়ালেও, সকলে নিরাপদে ফিরে আসায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সংশ্লিষ্টরা। কারিগরি পর্যালোচনা শেষে বিমানটির পরবর্তী কার্যক্রম সম্পর্কে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।