বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে অসুস্থ হিরো আলম, হাসপাতালে ভর্তি
বগুড়ার ধুনটে ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে বেড়াতে এসে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম হিরো আলম ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন। শুক্রবার (২৭ জুন) দুপুর ১২টায় তাকে অচেতন অবস্থায় ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসক জানিয়েছেন, হিরো আলম শঙ্কামুক্ত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, হিরো আলম বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৩টার দিকে ধুনট উপজেলার যমুনা নদীর তীরবর্তী ভান্ডারবাড়ি গ্রামের তার বন্ধু নাট্যকার জাহিদ হাসানের বাড়িতে যান। সেখানে রিয়া মনিকে নিয়ে দুই বন্ধুর মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়। পরে তারা পৃথক বিছানায় ঘুমিয়ে পড়েন।
পরদিন সকাল ১১টার দিকে বন্ধুটি হিরো আলমকে ঘুম থেকে উঠতে না পারায় বালিশের পাশে ঘুমের ওষুধ দেখতে পান। সঙ্গে সঙ্গে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
হিরো আলমের বন্ধু জাহিদ হাসান সাগর বলেন, “তিনি রিয়া মনিকে নিয়ে হতাশ ছিলেন এবং বারবার বলেন, যেখানে যান সেখানে লোকজন তাকে বিরক্ত করে নানা প্রশ্ন করেন। একটু শান্তিপূর্ণ সময় কাটানোর জন্য আমার বাড়িতে এসেছিলেন। আমার ধারণা, রিয়া মনিকে না পাওয়ার হতাশায় তিনি ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেছেন।”
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মনিরুজ্জামান জানান, হিরো আলমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তবে তার পরিবার তাকে ওই হাসপাতালে নিতে চাচ্ছেন না। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন।