মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমশিক্ষাপ্রবেশপত্র না পেয়ে পরীক্ষা মিস, প্রধান উপদেষ্টার কাছে আকুতি দুই শিক্ষার্থীর

প্রবেশপত্র না পেয়ে পরীক্ষা মিস, প্রধান উপদেষ্টার কাছে আকুতি দুই শিক্ষার্থীর

favicon
ভোরের আলো ডেস্ক:

রাজধানীর উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থী—সাজ্জাদ হোসেন ও ইয়াসির আরাফাত—এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় প্রথম দিনের পরীক্ষায় অংশ নিতে পারেননি। কলেজ কর্তৃপক্ষের অনিয়ম ও অবহেলাকেই তারা এর জন্য দায়ী করছেন। শুক্রবার (২৭ জুন) বিকেলে উত্তরা ৭ নম্বর সেক্টরে কলেজ গেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে মানবিক সহায়তা চেয়েছেন।


সাজ্জাদ বলেন, “মায়ের অসুস্থতার কারণে এক শিক্ষার্থীর দেরিতে কেন্দ্রে পৌঁছার ঘটনায় প্রধান উপদেষ্টা নিজেই সোশ্যাল মিডিয়ায় মানবিক বার্তা দিয়েছিলেন। আমরা আশা করছি, আমাদের ক্ষেত্রেও স্যার সেই একই সহানুভূতি দেখাবেন।”


সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে ইয়াসির আরাফাত বলেন, “আমাদের কোনো দোষ নেই। কলেজ কর্তৃপক্ষের ভুলের জন্য আমরা পরীক্ষায় অংশ নিতে পারিনি। সামনে দুইদিন ছুটি রয়েছে। এর মধ্যেই যদি প্রবেশপত্র দেওয়া হয়, তাহলে বাকি পরীক্ষাগুলো দিতে পারব।”


তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরাও প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার প্রতি অনুরোধ জানিয়েছেন, যেন এই দুই শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে এবং এক বছরের ক্ষতি এড়ানো যায়।


উল্লেখ্য, সাজ্জাদ ও আরাফাত উভয়েই নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন এবং পরীক্ষার যাবতীয় ফি সময়মতো পরিশোধ করেছেন। এরপরও কলেজ কর্তৃপক্ষের গাফিলতিতে তারা প্রবেশপত্র পাননি। বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয় এবং প্রতিষ্ঠানটির এক শিক্ষককে সাময়িকভাবে বরখাস্তও করা হয়েছে। তবুও শিক্ষার্থীদের একমাত্র দাবি—তারা যেন পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে পারেন।