মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমরাজনীতিবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা

favicon
ভোরের আলো ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন উমামা ফাতেমা। শুক্রবার (২৭ জুন) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।


পোস্টে উমামা দাবি করেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময় থেকে তিনি প্রতারিত হয়েছেন। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের পড়াশোনায় ফেরার আহ্বানও জানান তিনি।


তিনি লেখেন, "আমি অভ্যুত্থানের স্বপ্নকে বাঁচাতে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছিলাম। আমাকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে আমি স্বাধীনভাবে কাজ করতে পারব। কিন্তু পরে বুঝেছি, ‘সংস্কার’, ‘শহীদ’, ‘আহত’—সবই মুখের বুলি মাত্র। বাস্তবতা হলো, প্ল্যাটফর্মটি গোষ্ঠীগত স্বার্থে বহু তরুণের স্বপ্ন ও সময় নষ্ট করেছে।"


উমামা আরও বলেন, "আমাকে যারা কষ্ট দিয়েছে, নোংরামি করেছে, অভ্যুত্থানকে রাজনৈতিকভাবে বেচাকেনা করেছে, আমি তাদের কখনও ক্ষমা করব না। আমি এসব ঘটনাকে পলিটিক্যালি ক্যাশ করতে চাইনি। কারণ, অনেক বেশি রক্ত গেছে, অনেক পরিবার ছিন্নভিন্ন হয়ে গেছে।"


তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, "আমি পরামর্শ দেব—পড়াশোনায় মন দিন। যারা আন্তরিক ছিলেন, ভালোবাসা দিয়ে আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তাদের জন্য শুভকামনা। আমি নিজেও ভেঙে পড়িনি, বরং সবকিছু নতুন করে গুছিয়ে নিচ্ছি।"


প্রসঙ্গত, গত ২৬ জুন ঢাকার বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে অনুষ্ঠিত ভোটের মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। এতে সভাপতি নির্বাচিত হন রশিদুল ইসলাম রিফাত এবং সাধারণ সম্পাদক হন ইনামুল হাসান ইমাম। উল্লেখ্য, এই প্ল্যাটফর্ম থেকেই পরবর্তীতে গঠিত হয় রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’।


উমামা ফাতেমা জানান, সেই অভ্যুত্থানকে ঘিরে যে অসমাপ্ত কাজ রয়ে গিয়েছিল, তা সম্পূর্ণ করতেই তিনি সংগঠনে যুক্ত হয়েছিলেন। তবে সংগঠনের ভেতরকার সুবিধাবাদী গোষ্ঠী, রাজনৈতিক হস্তক্ষেপ এবং ব্যক্তিগত আক্রমণের মুখে তাকে কাজ করতে হয়েছে। ফলে শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।