রক্তমাখা ছুরি দেখিয়ে হত্যার হুমকি, ফেসবুক ভিডিওর ঘটনায় আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি প্রদর্শন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে হত্যার হুমকি দেওয়া আওয়ামী লীগ কর্মী আলমগীরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ জুন) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ফটিকছড়ি থানায় হওয়া একটি পুরোনো বিস্ফোরক মামলায় আদালতে সোপর্দ করা হয় বলে নিশ্চিত করেছে পুলিশ।
একটি ভিডিওতে দেখা যায়, আলমগীর হাতে রক্তমাখা ছুরি নিয়ে রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের উদ্দেশে হত্যার হুমকি দিচ্ছেন এবং একইসঙ্গে অশ্লীল ভাষায় গালাগাল করছেন। ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ জানান, ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পরপরই অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্তাধীন এবং ভিডিওতে ব্যবহৃত ছুরিসহ অন্যান্য আলামত জব্দের চেষ্টা চলছে।