জামালপুরে ইউপি সদস্য আব্দুর রহিমকে বাড়ির উঠানে কুপিয়ে হত্যা
জামালপুরের ইসলামপুর উপজেলায় আব্দুর রহিম (৪৫) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে বাড়ির উঠানে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৯ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জিগাতলা চর এলাকায় এ নির্মম হত্যাকাণ্ড ঘটে।
নিহত আব্দুর রহিম কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। পাশাপাশি তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে কয়েকজন ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আব্দুর রহিমকে বাড়ি থেকে ডেকে বের করে। তিনি উঠানে বের হলেই ১০-১২ জন দুর্বৃত্ত অতর্কিতে তার ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। তাকে বাঁচাতে এগিয়ে এলে স্ত্রী ও স্বজনদেরও মারধর করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই আব্দুর রহিম নিহত হন।
রোববার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আতিকুর রহমান জানান, ঘটনার তদন্ত চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।