কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদপানে কিশোরের মৃত্যু
পটুয়াখালীর কুয়াকাটায় বেড়াতে এসে অতিরিক্ত মদপানের কারণে শাজিদুল ইসলাম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (২৯ জুন) বেলা ১১টার দিকে তাকে অসুস্থ অবস্থায় কুয়াকাটা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাজিদুল নেত্রকোনা জেলার গোড়াগাঁও গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে এবং নারায়ণগঞ্জের একটি খাবার হোটেলে কাজ করতেন।
মহিপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৭ জুন) শাজিদুল ও তার বন্ধু হাবিব কুয়াকাটায় ভ্রমণে এসে হোটেল স্কাইভিউতে ওঠেন। সেদিন রাতেই অতিরিক্ত মদপান করেন শাজিদুল। পরদিন শনিবার (২৮ জুন) সকালে পেটব্যথা ও শারীরিক অসুস্থতা দেখা দিলে স্থানীয় একটি ফার্মেসি থেকে ওষুধ নেওয়া হয়, তবে তাতে অবস্থার উন্নতি হয়নি।
রোববার সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু তারা হোটেলেই ফিরে যান। পরে আবারও অসুস্থ হলে সকাল ১১টার দিকে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, পর্যটকের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।