সারা দেশে বৃষ্টির পূর্বাভাস, চার বিভাগে ভারি বর্ষণের আশঙ্কা
রা দেশের সব বিভাগেই আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।
সেই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে একটি লঘুচাপ বিরাজ করছে, যার প্রভাবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) সকাল ৯টা থেকে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানায় সংস্থাটি।
পরদিন বুধবারও খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। ওই দুই দিনে দেশের অধিকাংশ এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়জুড়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায়, ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে, ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে কক্সবাজারে সর্বোচ্চ ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।