নোটিশ ছাড়াই দোকান ভাঙল সিটি করপোরেশন, অভিযোগ দোকান মালিকদের
রাজধানীর মিরপুরের পল্লবীতে ফুটপাতে গড়ে ওঠা দোকানগুলোতে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (৩০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ভাষানী মোড়ে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
স্থানীয় দোকান মালিকরা অভিযোগ করেছেন, কোনো প্রকার নোটিশ ছাড়াই অভিযান চালানো হয়েছে। তাদের দাবি, ডিএনসিসির কাছ থেকে বরাদ্দ পাওয়ার আশ্বাসে টাকা দেওয়া হয়েছিল, কিন্তু তারা মার্কেটে দোকান বুঝে পাননি। ফলে নিরুপায় হয়ে ফুটপাতে দোকান বসিয়েছিলেন।
অভিযানের সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দোকানের মালামাল সরাতে বলা হয়। হ্যান্ড মাইকে সতর্ক করার কিছুক্ষণের মধ্যেই শুরু হয় উচ্ছেদ, ভেঙে ফেলা হয় একের পর এক দোকান।
এ বিষয়ে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা খানম জানান, “ফুটপাত সরকারি জায়গা। এখানে কোনো স্থাপনা বৈধ নয়। তাই নোটিশ দেওয়ার প্রয়োজন নেই। এটি আমাদের নিয়মিত প্রক্রিয়ার অংশ।” তিনি আরও বলেন, “দোকান মালিকদের কাগজপত্র যাচাই করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।”
সিটি করপোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অভিযান নিয়মিতভাবেই চলবে এবং দখলমুক্ত রাখা হবে ফুটপাত। তবে দোকান মালিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বরাদ্দের টাকা দিয়েও দোকান না পাওয়ার অভিযোগ নিয়ে।
Ask ChatGPT