আবাসিক হোটেল থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও সন্তান মরদেহ
রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী ও তাদের সন্তানের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। সোমবার (৩০ জুন) দুপুর ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. জাকিয়া তাসনিম।
তিনি বলেন, “মরদেহ তিনটির লক্ষণ দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে তারা খাদ্যে বিষক্রিয়ায় মারা গেছেন। তবে নিশ্চিতভাবে কিছু বলার আগে ব্লাড ও ভিসেরা পরীক্ষার রিপোর্ট পাওয়া দরকার। এই নমুনাগুলো মহাখালী পরীক্ষণাগারে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এর আগে রমনা থানার উপপরিদর্শক (এসআই) মো. জালাল উদ্দিন মরদেহ তিনটির সুরতহাল রিপোর্ট তৈরি করেন। রিপোর্টে বলা হয়, “তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়াকেই মৃত্যুর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে।”
ময়নাতদন্ত শেষে মরদেহগুলো স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘিরে এখনো চলছে তদন্ত, ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসার পর জানা যাবে মৃত্যুর পেছনের বিস্তারিত কারণ।