বুধবার , ১৯ আগস্ট ২০২৬
বুধবার , ১৯ আগস্ট ২০২৬
হোমসারা দেশচুরির অভিযোগে বেঁধে পেটানো, শ্রমিক হৃদয়ের মৃত্যুতে হত্যা মামলা

চুরির অভিযোগে বেঁধে পেটানো, শ্রমিক হৃদয়ের মৃত্যুতে হত্যা মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
চুরির অভিযোগে বেঁধে পেটানো, শ্রমিক হৃদয়ের মৃত্যুতে হত্যা মামলা

জীপুরের কোনাবাড়ীতে চুরির অভিযোগে এক কারখানা শ্রমিককে রশি দিয়ে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নির্মম এই হত্যাকাণ্ড ঘটে গত শুক্রবার (২৭ জুন) রাতে গ্রীনল্যান্ড লিমিটেড নামে একটি কারখানার ভেতরে। এ ঘটনায় রোববার (২৯ জুন) রাতে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।


নিহত মো. হৃদয় (১৯) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শুকতার বাইদ গ্রামের আবুল কালামের ছেলে। তিনি গ্রীনল্যান্ড লিমিটেডে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন।


পরিবারের দাবি, হৃদয় সকালে ডিউটিতে গেলেও রাত পর্যন্ত বাসায় ফেরেননি। পরে তার ভাই ও মা কারখানায় গিয়ে জানতে পারেন, শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে এবং হৃদয়ের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। পরে তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তারা লাশ শনাক্ত করেন।


নিহতের বড় ভাই লিটন মিয়া বাদী হয়ে কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কারও নাম উল্লেখ না থাকলেও পুলিশ তদন্তে নামে এবং একই কারখানার শ্রমিক হাসান মাহমুদ ওরফে মিঠুনকে গ্রেফতার করে।


ওই হত্যাকাণ্ডের একটি ১ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়—হৃদয়কে কারখানার একটি অফিস কক্ষে জানালার সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্দয়ভাবে মারধর করা হচ্ছে। তার মুখ ও নাক দিয়ে রক্ত ঝরছিল, এবং মারধরের পরও অচেতন হৃদয়কে জোর করে দাঁড় করানোর চেষ্টা করতে দেখা যায়।


কোনাবাড়ি থানার ওসি সালাহউদ্দিন জানান, হত্যাকাণ্ডে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে, এবং অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।


ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে। স্থানীয়ভাবে এই ঘটনা ব্যাপক ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি করেছে। পরিবারের পক্ষ থেকে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে।