বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এর ফলে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক সতর্কবার্তায় জানানো হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং এর আশপাশে— বিশেষ করে ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বায়ুচাপের তারতম্যের কারণে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ অবস্থায় যেসব সতর্কতা জারি করা হয়েছে:
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।
অন্যদিকে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কিছু কিছু জায়গায় মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। বজ্রসহ বৃষ্টি সারা সপ্তাহজুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে, যা আগামী সপ্তাহেও চলতে পারে।