গাংনীতে ফের ডাকাতি, বোমা বিস্ফোরণে আতঙ্ক ছড়ালো
মঙ্গলবার (১ জুলাই) রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনীতে অজ্ঞাতনামা ডাকাতদের হামলায় আতঙ্ক ছড়ায়। তারা পথচারীদের থামিয়ে বোমা বিস্ফোরণ ঘটায় এবং মারধর করে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী বাজার থেকে ব্যবসা শেষে পোড়াপাড়া-যুগিন্দা সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন কয়েকজন ব্যবসায়ী। পথিমধ্যে মাঠের ভেতর একদল ডাকাত তাদের গতিরোধ করে। ডাকাতরা মারধর করে ৫০ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নেয় এবং দুটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে ভীতি ছড়ায়।
ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি ইসরাইল জানান, ঘটনার পরপরই ডাকাতদের ধরতে অভিযান শুরু হয়েছে। জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।
উল্লেখযোগ্য যে, এর আগে ২৫ জুন একই এলাকায় গাংনী থানার অদূরে থানা সড়কে বোমা বিস্ফোরণ ঘটিয়ে একই কায়দায় ছিনতাই করেছিল ডাকাতরা।