উপস্থাপনায় ঝলমলে নিশো-ফারিণ, হাসির রোল মেরিল-প্রথম আলো পুরস্কারে
দেশের জনপ্রিয় দুই অভিনয়শিল্পী আফরান নিশো ও তাসনিয়া ফারিণ এবার অভিনয়ের গণ্ডি পেরিয়ে হাজির হয়েছেন ভিন্ন ভূমিকায়। তাঁরা যৌথভাবে উপস্থাপনা করেছেন মেরিল–প্রথম আলো পুরস্কার ২০২৪-এর জমকালো আসর। দর্শক ও অতিথিদের সামনে তাঁদের চমৎকার উপস্থাপনা প্রশংসা কুড়িয়েছে।
অনুষ্ঠানের একপর্যায়ে নিশো ও ফারিণের মধ্যকার একটি হাস্যরসাত্মক কথোপকথন মুহূর্তেই আলোচনায় আসে। নিশো ফারিণকে জিজ্ঞাসা করেন, “আচ্ছা ফারিণ, তোমার এক নম্বর স্বামী কেমন আছে?” এতে কিছুটা বিস্মিত হয়ে ফারিণ পাল্টা জিজ্ঞেস করেন, “এক নম্বর স্বামী মানে?” উত্তরে নিশো বলেন, “তুমি কি তোমার স্বামীর নাম জানো না? রেজ ওয়ান—ওয়ান মানে তো এক নম্বর!”
এ রসিকতায় ফারিণ মজার ভঙ্গিতে বলেন, “মুরুব্বি, ওটা এক নম্বর না, একমাত্র স্বামী। সে খুব ভালো আছে। তবে আমার এক্স বয়ফ্রেন্ড কেমন আছে তা জানি না।” তখন নিশো বলে ওঠেন, “না, তোমার এক্স বয়ফ্রেন্ড… ও আচ্ছা আমিই তো!”
তাঁদের এই দুষ্টু-মিষ্টি কথোপকথন পুরো অনুষ্ঠানে হাসির খোরাক যোগায় এবং দর্শকরা মুহূর্তটি বেশ উপভোগ করেন।
উল্লেখযোগ্য, তাসনিয়া ফারিণ ২০২৩ সালের ১১ আগস্ট শেখ রেজওয়ানকে বিয়ে করেন। দীর্ঘ সাড়ে আট বছরের প্রেমের পর তাঁরা ঘর বাঁধেন, পরিবারের সদস্যদের উপস্থিতিতে আয়োজনটি সম্পন্ন হয়।
এ বছরের মেরিল–প্রথম আলো পুরস্কার ছিল রজতজয়ন্তী উপলক্ষে বিশেষ আয়োজন। আগের পাঁচটি আসরের মতো এবারও পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন কিংবদন্তি উপস্থাপক হানিফ সংকেত। সফলভাবে অনুষ্ঠান শেষ করে এবার দায়িত্ব তুলে দেন নিশো ও ফারিণের হাতে। তাঁদের পারস্পরিক রসায়ন ও সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানটিকে করে তোলে আরও উপভোগ্য ও স্মরণীয়।