পাবনায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
পাবনার সাঁথিয়া উপজেলায় বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পাবনার মাথপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পাবনা এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস পূর্ব বনগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং অন্তত ১০ জন আহত হন।
নিহতদের মধ্যে দুইজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন– সুজানগরের শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী এবং আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। তৃতীয় ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।