অমিতাভ বচ্চনের পোস্টে জায়গা করে নিল জয়া আহসানের ‘ডিয়ার মা’
জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘ডিয়ার মা’ মুক্তির অপেক্ষায় রয়েছে। অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত এই চলচ্চিত্রে মায়ের চরিত্রে দেখা যাবে জয়াকে। আগামী ১৮ জুলাই সিনেমাটি মুক্তি পাবে।
মুক্তির আগে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রকাশিত হয়েছে ছবির ট্রেলার। প্রকাশের পরপরই এটি প্রশংসা কুড়াতে শুরু করে। তবে ছবিটি আলোচনার কেন্দ্রে এসেছে এক বিশেষ কারণে—অমিতাভ বচ্চন নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিয়ার মা’র ট্রেলার শেয়ার করেছেন এবং শুভকামনা জানিয়েছেন নির্মাতা ও সংশ্লিষ্ট সবাইকে।
শুক্রবার সকালে নিজের ফেসবুক ও এক্স (টুইটার) অ্যাকাউন্টে অমিতাভ লেখেন,
“টনিদা (অনিরুদ্ধ রায় চৌধুরী), আমার শুভকামনা সবসময় রইলো।”
এই পোস্টের মন্তব্যের ঘরে বাংলাদেশের ও পশ্চিমবঙ্গের অসংখ্য নেটিজেন শুভেচ্ছা জানিয়েছেন জয়াকে।
এ প্রসঙ্গে প্রতিক্রিয়া জানতে চাইলে জয়া আহসান বলেন,
“আমি ঢাকায় ফিরছিলাম, আর ঠিক সেই মুহূর্তে বিষয়টি দেখলাম। শুক্রবারের শুরুটা হলো একটি দারুণ খবরে। এখন ছবির প্রতি দায়িত্ব আরও বেড়ে গেল। তিনি (অমিতাভ বচ্চন) যখন ট্রেলার শেয়ার করেছেন, এটি সত্যিই অনেক বড় অর্জন।”
এখন দর্শকের চোখ 'ডিয়ার মা'-র মুক্তির দিকেই। অমিতাভের শেয়ার, জয়ার অভিনয় আর অনিরুদ্ধ রায় চৌধুরীর নির্মাণ—সব মিলিয়ে দর্শকমনে বেশ কৌতূহল তৈরি করেছে ছবিটি।