ভারতীয় সীমান্তরক্ষীদের পুশ ইন, বিজিবির হেফাজতে ১৫ বাংলাদেশি
পঞ্চগড়ের সদর উপজেলার খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৫ জন বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
পুশ ইনকৃতদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে। তারা খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী ৫৬ বিজিবি সদস্যরা তাদের আটক করে এবং স্থানীয় ক্যাম্পে নিয়ে যান।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার রাতে খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪-এর ১৯ নম্বর সাব পিলার এবং অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩-এর ৩ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের পুশ ইন করে বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, “ইতোমধ্যে ১০ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে। বাকি পাঁচজনকেও অমরখানা সীমান্ত থেকে থানায় আনা হচ্ছে।”
ঘটনার বিষয়ে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত শুরু করেছে।
Ask ChatGPT