১১ জুলাই মুক্তি পাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘অন্যদিন…’
অবশেষে প্রকাশ পেলো বহুল প্রতীক্ষিত ও আলোচিত চলচ্চিত্র ‘অন্যদিন…’-এর মুক্তির তারিখ। কামার আহমাদ সাইমন পরিচালিত এবং সারা আফরীন প্রযোজিত এই ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১১ জুলাই। সাতদিন ধরে এটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।
‘জলত্রয়ী’ ট্রিলজির দ্বিতীয় ছবি ‘অন্যদিন…’ ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে ব্যাপক স্বীকৃতি পেয়েছে। এটি কান, লোকার্নো, ক্যামডেন, নিউ ইয়র্কের মমি, জুরিখ, সিডনি এবং নন্তের ‘ফেস্টিভ্যাল অফ থ্রি কন্টিনেন্টস’-এ অংশ নিয়েছে এবং বহু পুরস্কার অর্জন করেছে। তবে দেশে এতদিন ছবিটি নিষিদ্ধ ছিল, যা চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকের কৌতূহলের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়।
পরিচালক কামার আহমাদ সাইমন বলেন, “একটা ছবিকে গায়েব করা মানে একজন নির্মাতাকে গুম করে দেওয়া। ঠিক করেছিলাম আর কোনো ছবি করব না। কিন্তু জুলাই এসে সব পাল্টে দিল। তাই এই জুলাইতেই ‘অন্যদিন…’ মুক্তি দিচ্ছি, জুলাইকে উৎসর্গ করেই।”
গত ২৪ জুন রাজধানীর স্টার সিনেপ্লেক্সে ‘অন্যদিন…’ ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, মানবাধিকারকর্মী, লেখক, আলোকচিত্রী, স্থপতি, সাংবাদিক, অভিনেত্রী ও সংস্কৃতিকর্মীরা। সবার উপস্থিতি ছবিটির ঘরোয়া প্রদর্শনীকে উৎসবমুখর করে তোলে।
প্রযোজক সারা আফরীন জানান, “২০১৪ সালে ‘অন্যদিন…’ সানড্যান্স থেকে গ্রান্ট পায়, ২০২১ সালে ইডফায় প্রিমিয়ার হয়, এরপর একের পর এক আন্তর্জাতিক স্বীকৃতি এলেও দেশে ছবিটি নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞা ও প্রচারের ব্যতিক্রমী ধারা এই ছবিকে আরও আলোচনায় নিয়ে আসে।”
ছবিটি নিয়ে ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছে "ফিলসফিক্যাল ও ক্যালাইডোস্কোপিক" রূপে—এবার অপেক্ষা দেশের দর্শকের প্রতিক্রিয়ার।