তেঁতুলিয়ায় ট্রাক্টরের ধাক্কায় নববিবাহিতার মৃত্যু, স্বামী আহত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পাথরবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় খুরশিদ জাহান খুশি (২২) নামে এক নববিবাহিতার মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার স্বামী আনোয়ার হোসেন (৩২) আহত হয়েছেন।
রোববার (৬ জুলাই) দুপুরে উপজেলার ভজনপুর ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় পঞ্চগড়-তেঁতুলিয়া সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা যায়, আনোয়ার হোসেন ও খুশি মাত্র কয়েকদিন আগে কুরবানির ঈদের পর বিয়ে করেন। স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন আনোয়ার। পথে বিপরীত দিক থেকে আসা একটি পাথরবোঝাই ট্রাক্টর তাদের ধাক্কা দেয়।
ধাক্কায় দু’জনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাক্টরের পেছনের চাকা খুশির শরীরের উপর দিয়ে চলে গেলে তিনি গুরুতর আহত হন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে খুশিকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দেবীগঞ্জ এলাকায় পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন।
আনোয়ার হোসেন সামান্য আহত অবস্থায় প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক্টরটি নিয়ে চালক পালিয়ে যায়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি দেবাশীষ রায় জানান, নিহতের মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি এজহার দায়ের হয়েছে, এবং চালক ও ট্রাক্টর শনাক্তে তদন্ত চলছে।