এসএসসি ও সমমানের ফল প্রকাশ ১০ জুলাই
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ১০ জুলাই প্রকাশ করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
গত ১০ এপ্রিল দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। প্রায় এক মাস পর, ১৩ মে শেষ হয় পরীক্ষার কার্যক্রম।
এবার ফলাফলের অপেক্ষায় রয়েছে দেশের ১৯ লাখেরও বেশি শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।
শিক্ষা বোর্ড অনুযায়ী পরিসংখ্যান অনুযায়ী,
🔹 ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মোট ১৪,৯০,১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৭,০১,৫৩৮ জন এবং ছাত্রী ৭,৮৮,৬০৪ জন।
🔹 মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছেন ২,৯৪,৭২৬ জন পরীক্ষার্থী।
🔹 কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১,৪৩,৩১৩ জন শিক্ষার্থী।
সব মিলিয়ে এবার দেশের মোট এসএসসি ও সমমান পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখের বেশি।
ফলাফল জানতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, মোবাইল এসএমএস ও নিজ নিজ প্রতিষ্ঠান থেকে ফল সংগ্রহ করতে পারবে।