টাঙ্গাইলের বাঘিলে বাস-সিএনজি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত
টাঙ্গাইলের বাঘিল এলাকায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকা-জামালপুর মহাসড়কের বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ।
তিনি জানান, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস উপজেলার বাঘিল এলাকায় পৌঁছালে মধুপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির একজন আরোহী নিহত হন এবং আহত হন আরও কয়েকজন।
আহতদের ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।