রুবলেভকে হারিয়ে শেষ আটে আলকারাজ
উইম্বলডনের চতুর্থ রাউন্ডে প্রথম সেটে পিছিয়ে পড়লেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন স্পেনের কার্লোস আলকারাজ। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রেই রুবলেভকে ৩–১ সেটে হারান বর্তমান উইম্বলডন চ্যাম্পিয়ন।
প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে টাইব্রেকারে ৭–৬ গেমে জয় পান রুবলেভ। কিন্তু দ্বিতীয় সেট থেকেই ম্যাচে নিয়ন্ত্রণ নেন আলকারাজ। ৬–৩ ব্যবধানে দ্বিতীয় সেট জিতে আত্মবিশ্বাস ফিরে পান তিনি। এরপর টানা দুই সেটে ৬–৪, ৬–৪ ব্যবধানে জয় তুলে নিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যান এই তরুণ স্প্যানিশ তারকা।
শিরোপা ধরে রাখতে পারলে উন্মুক্ত যুগে আলকারাজ হবেন পঞ্চম পুরুষ খেলোয়াড়, যিনি টানা তিনটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়বেন। এ তালিকায় এখন আছেন শুধু নোভাক জোকোভিচ, রজার ফেদেরার, পিট সাম্প্রাস ও বিয়র্ন বোর্গ। ফেদেরার উইম্বলডনে টানা পাঁচবার চ্যাম্পিয়ন হন, আর জোকোভিচ জেতেন টানা চারটি গ্র্যান্ড স্লাম। আলকারাজ এবার সেই ইতিহাসে নিজের নাম লেখানোর দ্বারপ্রান্তে।