ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য আলোচনা চলছে
বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ৩৫ শতাংশ শুল্ক আরোপের প্রেক্ষিতে ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা।
এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ৯টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি জানান।
তিনি লিখেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, যিনি বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। এই দলে রয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ অন্যান্য সদস্য।
প্রেস সচিব জানান, প্রতিনিধি দল ইতোমধ্যে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দফায় আলোচনা করেছে। আগামী ৯ জুলাই আরেক দফা বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে শেখ বশিরউদ্দিন বাংলাদেশের পক্ষ থেকে নেতৃত্ব দেবেন।
ঢাকা আশা করছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌক্তিক একটি শুল্ক সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।
উল্লেখ্য, তিন মাস ধরে চলা আলোচনার পর সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন।
সোমবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ এই সিদ্ধান্ত জানান তিনি।
এর আগে, গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছিল, যা ৯ এপ্রিল থেকে কার্যকর হয়। তবে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে সেই শুল্ক তিন মাসের জন্য স্থগিত করা হয়।
এই স্থগিতাদেশের মেয়াদ ৯ জুলাই শেষ হচ্ছে। তার আগেই নতুন করে ৩৫ শতাংশ শুল্ক কার্যকর করার ঘোষণা দিলেন ট্রাম্প।