আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংকের যৌক্তিক পরামর্শ গ্রহণে ক্ষতি নেই: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংকসহ দাতা সংস্থাগুলোর যৌক্তিক পরামর্শ গ্রহণে কোনো ক্ষতি নেই বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৯ জুলাই) ‘একাউন্টিং অ্যান্ড অডিটিং সামিট–২০২৫’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “ভালো পরামর্শগুলো গ্রহণ করা হয়েছে, এগুলো আমাদের জন্য উপকারী।”
বিনিয়োগ আকর্ষণে দেশের হিসাব ব্যবস্থাপনা ও অডিটিং প্রক্রিয়াকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, “যারা আর্থিক বিবরণী ও নিরীক্ষা প্রতিবেদন তৈরি করেন, তাদেরই আগে স্বচ্ছ ও দায়িত্বশীল হতে হবে।”
তিনি আরও অভিযোগ করেন, বেশিরভাগ হিসাবরক্ষকের প্রতিবেদন মানসম্পন্ন হয় না। “স্বচ্ছতা আনতে শুধু প্রযুক্তিগত অগ্রগতি নয়, ব্যক্তিগত সততাও প্রয়োজন,” বলেন তিনি।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেন, “সঠিক অডিট ছাড়া সামষ্টিক অর্থনীতির উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের অডিট টিম ভালো কাজ করছে, কিন্তু অধিকাংশ কোম্পানির অডিট রিপোর্ট মানুষ বিশ্বাস করতে চায় না। এই বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে হবে।”
তিনি আরও বলেন, “ব্যাংকগুলো প্রকৃত এনপিএল তথ্য দেয় না। করপোরেট সুশাসনের ঘাটতি আছে, যা ব্যাংকিং খাতকে ঝুঁকিতে ফেলছে। সুশাসন ছাড়া এই খাত টিকবে না।”
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন সামিটে বলেন, “গত ১৫ বছরে বাংলাদেশ ব্যাংক দেশের আর্থিক খাতের লুটপাটের বিচার করতে পারেনি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ সব আর্থিক প্রতিষ্ঠানকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনতে হবে।”
সামিটে বক্তারা একমত হন যে, অডিটের স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত না হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি ব্যাহত হবে।