শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজও হারলো বাংলাদেশ
টেস্ট সিরিজের পর ওয়ানডে সিরিজেও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে টাইগাররা ২-১ ব্যবধানে পরাজিত হয়েছে। তিন ম্যাচের একটিতেও পুরো ৫০ ওভার টিকতে পারেনি বাংলাদেশ দল। পাশাপাশি পুরো সিরিজে কোনো বড় পার্টনারশিপ গড়তেও ব্যর্থ হন ব্যাটাররা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই ব্যর্থতাগুলোকেই সিরিজ হারের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেছেন।
সিরিজের শেষ ম্যাচে শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৮৫ রান তোলে। জবাবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮৫ রানেই থেমে যায় বাংলাদেশের ইনিংস। ম্যাচটি তারা হারে ৯৯ রানের বড় ব্যবধানে।
সিরিজ শেষে মিরাজ বলেন, “৫০ ওভার ব্যাট করতে না পারাটা অবশ্যই চিন্তার বিষয়। মিডল অর্ডারের ব্যাটারদের আরও দায়িত্ব নিতে হবে। আমি নিজেও সেভাবে অবদান রাখতে পারিনি। এসব নিয়ে কোচের সঙ্গে আলোচনা করে উন্নতির চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “যারা সেট হচ্ছিল, তারাই দ্রুত আউট হয়ে যাচ্ছিল। খেলায় মোমেন্টাম ধরা গুরুত্বপূর্ণ। আমি ও হৃদয় একটা মোমেন্টাম তৈরি করেছিলাম, কিন্তু আমি আউট হওয়ার পর সেই মোমেন্টাম ভেঙে যায়। কম ঝুঁকিতে কীভাবে স্ট্রাইক রোটেট করা যায়, সেটা শিখতে হবে।”
২৮৬ রানের লক্ষ্যটা বেশি হয়ে গেল কি না—এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, “উইকেট ভালো ছিল। ওদের দুই ব্যাটার দারুণ ব্যাট করেছে, বিশেষ করে কুশল মেন্ডিস। আমরা তাদের চাপে রাখতে পারিনি। আর রান তাড়ায় আমাদের ব্যাক-টু-ব্যাক উইকেট পড়ায় চাপে পড়ে যাই।”
টেস্ট ও ওয়ানডে সিরিজের পর এবার টাইগারদের সামনে টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১০ জুলাই থেকে। সিরিজটি বাংলাদেশের জন্য ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।