বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
হোম › বিনোদন › হিমঘরে পাকিস্তানের অভিনেত্রী হুমাইরার মরদেহ, পরিবারের কেউ নিচ্ছে না দায়িত্ব

হিমঘরে পাকিস্তানের অভিনেত্রী হুমাইরার মরদেহ, পরিবারের কেউ নিচ্ছে না দায়িত্ব

favicon
ভোরের আলো ডেস্ক:
হিমঘরে পাকিস্তানের অভিনেত্রী  হুমাইরার মরদেহ, পরিবারের কেউ নিচ্ছে না দায়িত্ব

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগরের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তবে তার বাবা মেয়ের মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানিয়েছেন। পুলিশের ভাষ্যমতে, করাচির ডিফেন্স ফেজ-৬ এলাকার নিজ ফ্ল্যাট থেকে মঙ্গলবার (৮ জুলাই) তার পচাগলা মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, প্রায় এক মাস আগেই তার মৃত্যু হয়েছে।


লাহোরে জন্ম নেওয়া হুমাইরা অভিনয় ও মডেলিংয়ের স্বপ্ন নিয়ে করাচিতে পাড়ি জমান। কিন্তু সেখানেই নিঃসঙ্গ জীবনের করুণ পরিণতির মুখোমুখি হন।


পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সাল থেকে তিনি ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন এবং ২০২৪ সালের শুরু থেকে ভাড়া না দেওয়ায় বাড়িওয়ালা বিষয়টি সন্দেহজনক মনে করেন।


এসএসপি (দক্ষিণ) মাহজোর আলী বলেন, “হুমাইরা নিঃসঙ্গ জীবনযাপন করছিলেন। মরদেহ উদ্ধারের পর তার পরিবারকে জানানো হলেও বাবা মেয়ের মরদেহ গ্রহণে অস্বীকৃতি জানান এবং স্পষ্টভাবে বলেন, তিনি তার মেয়ের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছেন।”


পুলিশ বারবার অনুরোধ জানালেও পরিবারের পক্ষ থেকে কেউ করাচিতে আসেনি।


ময়নাতদন্তের পর মরদেহ বর্তমানে হিমঘরে সংরক্ষিত রাখা হয়েছে। এদিকে তার মোবাইল ফোনের তথ্য উদ্ধার করে ফরেনসিক বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি, তবে পুলিশ প্রাথমিকভাবে এটিকে স্বাভাবিক মৃত্যু বলেই ধারণা করছে।


হুমাইরার মৃত্যু এবং তার পরিবারের উদাসীনতা পাকিস্তানের শোবিজ অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি করেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন এবং শিল্পীজীবনের অব্যক্ত যন্ত্রণাগুলো নিয়ে সমাজে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


জানা গেছে, ২০১৩ সালে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন হুমাইরা। পরে ২০২২ সালের জনপ্রিয় রিয়েলিটি শো "তামাশা"-তে অংশ নিয়ে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। তবে সাম্প্রতিক বছরগুলোতে তিনি আত্মগোপনে চলে যান, গণমাধ্যম থেকেও নিজেকে গুটিয়ে নেন।


এই করুণ পরিণতি শোবিজ জগতের উজ্জ্বল আলোয় ঢাকা পড়ে যাওয়া বিষণ্ন এক অধ্যায়ের প্রতিচ্ছবি হয়ে রইল।