রিজার্ভ চুরি তদন্তে কমিটিকে আরও সময় দিল সরকার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় গঠিত পর্যালোচনা কমিটিকে সুপারিশ জমা দেওয়ার সময় আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িয়েছে সরকার। মঙ্গলবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে গত ১১ মার্চ, রিজার্ভ চুরির ঘটনার তদন্ত ও পর্যালোচনার জন্য ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতির দায়িত্ব পান আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তখন তাদের তিন মাসের মধ্যে সুপারিশ দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছিল।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (সড়ক পরিবহন ও সেতু এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক)
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক আলী আশফাক
রূপালী ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা।
কমিটিকে ২০১৬ সালের রিজার্ভ চুরির ঘটনার তদন্ত, সরকারের গৃহীত পদক্ষেপ পর্যালোচনা, দায়দায়িত্ব নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে সুপারিশ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে হ্যাকাররা নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের হিসাব থেকে ১০১ মিলিয়ন ডলার চুরি করে। এর মধ্যে ৮১ মিলিয়ন ডলার চলে যায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকে, আর ২০ মিলিয়ন ডলার পাঠানোর চেষ্টা করা হয় শ্রীলঙ্কায়— যা বানান ভুলের কারণে আটকে যায়।
বাংলাদেশ ব্যাংক পরে ফিলিপাইন থেকে প্রায় ১৫ মিলিয়ন ডলার পুনরুদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় কেন্দ্রীয় ব্যাংকের তৎকালীন উপ-পরিচালক জোবায়ের বিন হুদা ২০১৬ সালের ১৫ মার্চ মতিঝিল থানায় একটি মামলা দায়ের করেন।
/বাণিজ্য ডেস্ক/