মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমবিনোদনজাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী একসময় গ্রেপ্তার হয়েছিলেন হায়দরাবাদে

জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী একসময় গ্রেপ্তার হয়েছিলেন হায়দরাবাদে

favicon
ভোরের আলো ডেস্ক:
জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী একসময় গ্রেপ্তার হয়েছিলেন হায়দরাবাদে

জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ আজ আলোচনায় থাকলেও একসময় তাকে নিয়ে তৈরি হয়েছিল তীব্র বিতর্ক। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ত্রিভুবন মিশরা: সিএ টপার’ এবং পঙ্কজ ত্রিপাঠির 'ক্রিমিনাল জাস্টিস' সিরিজে অভিনয় করে প্রশংসা কুড়ালেও, অতীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে তাকে মুখোমুখি হতে হয় চরম সমালোচনার।


শ্বেতা তাঁর অভিনয় ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবে। মাত্র ১১ বছর বয়সে ‘মাকড়ি’ চলচ্চিত্রে চুন্নি ও মুন্নির দ্বৈত চরিত্রে অভিনয় করে ২০০২ সালে শ্রেষ্ঠ শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এরপর 'ইকবাল', 'ডরনা জরুরি হ্যায়', এবং বাংলা ছবি ‘এক নদীর গল্প’-তেও দেখা যায় তাকে।


তবে এই উজ্জ্বল ক্যারিয়ারের মাঝেই ২০১৪ সালের ৩১ আগস্ট, হায়দরাবাদের বানজারা হিলস এলাকার একটি হোটেলে অনৈতিক কাজের অভিযোগে গ্রেপ্তার হন শ্বেতা। পুলিশ দাবি করে, তিনি অর্থের বিনিময়ে দেহব্যবসায় লিপ্ত ছিলেন। এরপর তাকে পাঠানো হয় একটি সরকারি পুনর্বাসন কেন্দ্রে।


ঘটনার পর একাধিক ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে শ্বেতা জানান, তাকে ভুল বুঝিয়ে এই ঘটনার ফাঁদে ফেলা হয়েছিল। তিনি দারিদ্র্যের কারণে নয়, বরং চক্রান্তের শিকার হয়েছিলেন। তবে কিছু মন্তব্যে আরও বিতর্ক তৈরি হয়, যেমন— “বলিউডের অনেক অভিনেত্রীই ক্যারিয়ার বাঁচাতে বাধ্য হয়ে এমন পথে হাঁটেন।”


ঘটনার তদন্তে উঠে আসে, খদ্দের সেজে পুলিশ এক দালালের মাধ্যমে শ্বেতার সঙ্গে যোগাযোগ করে। অভিযোগ অনুযায়ী, ৫ লক্ষ টাকার চুক্তিতে যৌন সম্পর্কের প্রস্তাব দেওয়া হয়েছিল। পুলিশের হাতে ধরা পড়ার সময় ১ লক্ষ টাকা অগ্রিম নেওয়া হয়েছিল, যার মধ্যে ১৫ হাজার ছিল দালালের অংশ।


ঘটনার পর এরামঞ্জিল আদালতে শ্বেতাকে হাজির করা হয়। আদালতের নির্দেশে তাকে এক সরকারি হোমে এবং দালালকে পাঠানো হয় চার্লাপল্লি জেলে।


শ্বেতা বসু প্রসাদ বাঙালি মা ও বিহারি বাবার সন্তান, জন্ম জামশেদপুরে। পরে তারা মুম্বইয়ে স্থায়ী হন। অভিনয় ছিল তার ছোটবেলা থেকেই আগ্রহের কেন্দ্রবিন্দু। যদিও জীবনের একটি অধ্যায় তাকে বিতর্কের মুখে ফেলে দেয়, বর্তমানে তিনি অভিনয়ে সক্রিয়ভাবে ফিরেছেন এবং সফলভাবে নিজের ক্যারিয়ার গড়ে তুলছেন নতুনভাবে।