নতুন ফরম্যাটে শুরু হচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপ, প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা
আগামীকাল শুক্রবার (১১ জুলাই) থেকে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর। প্রথম দিনেই ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ মাঠে নামবে শ্রীলঙ্কার বিপক্ষে। বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ দলের কোচ পিটার বাটলার এবং অধিনায়ক আফঈদা খন্দকার—দুজনেই শিরোপা ধরে রাখার ব্যাপারে আত্মবিশ্বাসী।
এই আসরে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা অংশ নিচ্ছে। প্রতিপক্ষ দলের কোচরা শুরু থেকেই বাংলাদেশকে ফেভারিট হিসেবে মেনে নিয়েছেন। শ্রীলঙ্কার কোচ শ্রীনাথা কুমারা বলেছেন, “এই টুর্নামেন্টে বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী দল ও শিরোপার দাবিদার।”
তিনি আরও বলেন, একসময় ভারত ও নেপাল দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে শীর্ষে থাকলেও বর্তমানে বাংলাদেশের আধিপত্য স্পষ্ট।
এবারের টুর্নামেন্ট ফরম্যাটে থাকছে না কোনো ফাইনাল। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতিটি দল একই দলের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। মোট ৬টি ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই হবে চ্যাম্পিয়ন।
শিরোপা ধরে রাখার লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা কতটা সফল হয়, এখন সেটাই দেখার অপেক্ষা।