সাগরের স্রোতে ভেসে যাওয়া চবি শিক্ষার্থী অরিত্রের খোঁজে তৃতীয় দিনেও অভিযান
কক্সবাজারের হিমছড়ি সৈকতের স্রোতে ভেসে যাওয়ার দু’দিন পেরিয়ে গেলেও এখনো উদ্ধার করা সম্ভব হয়নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী অরিত্র হাসানের মরদেহ। নিখোঁজ হওয়ার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম।
তিনি জানান, দিনরাত ২৪ ঘণ্টা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ড ও স্থানীয় প্রশাসন। সম্ভাব্য সব পয়েন্টে নজরদারি চালানো হচ্ছে। সোনাদিয়া, মহেশখালীসহ আশপাশের এলাকাতেও অনুসন্ধান অব্যাহত রয়েছে। সাগরে স্পিড বোট নামিয়ে তল্লাশি জোরদার করা হয়েছে।
এর আগে, বুধবার কক্সবাজার শহরের সমিতিপাড়া এলাকা থেকে একই বিভাগের শিক্ষার্থী আসিফ আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার প্রায় এক ঘণ্টা পর উদ্ধার হয় আরেক শিক্ষার্থী কেএম সাদমান রহমান ওরফে সাবাবের মরদেহ।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কক্সবাজারের হিমছড়ি সৈকতে ঘুরতে যান। তাদের মধ্যে তিনজন ছবি তোলার সময় জোয়ারের পানিতে আটকে পড়েন। সাতার কাটতে গিয়ে স্রোতের টানে তারা ভেসে যান। দুজনের মরদেহ উদ্ধার করা হলেও অরিত্র এখনও নিখোঁজ রয়েছেন।
/এমএইচ/