শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬
হোমবিনোদন‘বিয়ে নয়, বিচ্ছেদেই সফল’—প্রেমিকা গৌরীকে নিয়ে খোলামেলা আমির খান

‘বিয়ে নয়, বিচ্ছেদেই সফল’—প্রেমিকা গৌরীকে নিয়ে খোলামেলা আমির খান

favicon
অনলাইন সংস্করণ
‘বিয়ে নয়, বিচ্ছেদেই সফল’—প্রেমিকা গৌরীকে নিয়ে খোলামেলা আমির খান

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান বর্তমানে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিয়ে সময় কাটাতে ব্যস্ত। সম্প্রতি তিনি জানিয়েছেন, গৌরীর সঙ্গে তার ‘মনের বিয়ে’ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। যদিও তার জীবনে এখনো সাবেক দুই স্ত্রী রিনা দত্ত ও কিরণ রাওয়ের উপস্থিতি রয়েছে—যার প্রতিফলন দেখা যায় পারিবারিক অনুষ্ঠান ও উৎসবগুলোতে।


প্রায় ১৬ বছরের সংসারজীবন শেষে ২০২১ সালে কিরণ রাওয়ের সঙ্গে আইনি বিচ্ছেদ হয় আমিরের। এর আগে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন। আমির এক সাক্ষাৎকারে জানান, “আমি বিয়েতে নয়, বিচ্ছেদে সফল। তবে সবই হয়েছে যৌথ সম্মতিতে।”


আমির বলেন, “আমরা চাইলে বৈবাহিক সম্পর্ক রেখেই জীবন কাটিয়ে দিতে পারতাম। কিন্তু সেটা হতো একধরনের মিথ্যে জীবনযাপন।”


এই প্রসঙ্গে কিরণ রাও বলেন, “বিচ্ছেদের পর আমাদের সম্পর্কের রূপ বদলে গেছে ঠিকই, তবে আমাদের বন্ধুত্ব আগের মতোই রয়ে গেছে। আমরা এখনও একে অপরকে পরিবার হিসেবে দেখি, পরস্পরের প্রতি অসম্ভব শ্রদ্ধা রয়েছে।”


তিনি আরও বলেন, “আমির আইনি বিচ্ছেদ চাননি, কিন্তু আমি চেয়েছিলাম সম্পর্কের স্বচ্ছতা। আমাদের সম্পর্ক যতটা বন্ধুত্বপূর্ণ, ততটাই স্বচ্ছন্দও।”


এমনকি সাম্প্রতিক সময়ে কন্যা আইরার বিয়েতে দেখা যায়, আমির জনসমক্ষে কিরণের গালে চুমু খান। এ বিষয়টি নিয়েও কিরণ বলেন, “আমরা একে অপরের সঙ্গে এতটাই স্বচ্ছন্দ যে এমন মুহূর্তও খুব স্বাভাবিকভাবেই ঘটে।”


বর্তমানে গৌরী স্প্র্যাটের সঙ্গে সময় কাটালেও, আমির খান সাবেক স্ত্রীদের ও সন্তানদের সঙ্গেও সম্পর্ক ধরে রেখেছেন। নতুন প্রেমে জড়িয়ে গেলেও, অতীতের সম্পর্কগুলোকে সম্মান করেই এগোচ্ছেন তিনি।