মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
হোমসারা দেশকুষ্টিয়ায় রহস্যজনক মৃত্যু: গাছ থেকে উদ্ধার অটোরিকশাচালকের মরদেহ

কুষ্টিয়ায় রহস্যজনক মৃত্যু: গাছ থেকে উদ্ধার অটোরিকশাচালকের মরদেহ

favicon
অনলাইন সংস্করণ
কুষ্টিয়ায় রহস্যজনক মৃত্যু: গাছ থেকে উদ্ধার অটোরিকশাচালকের মরদেহ

কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকা থেকে নিখোঁজ অটোরিকশাচালক রফিকুল ইসলামের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ জুলাই) সকালে কুষ্টিয়া–রাজবাড়ী মহাসড়কের পাশে একটি গাছ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।


নিহত রফিকুল ইসলাম মোল্লাতেঘড়িয়া আদর্শপাড়া এলাকার দবির উদ্দিনের ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৯টার দিকে তিনি অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি।


ছেলে নিলয় জানান, রাতভর খোঁজ করেও বাবার সন্ধান না পেয়ে শুক্রবার ভোরে আবার খুঁজতে বের হলে খবর আসে— সড়কের পাশে গাছে একজনের মরদেহ ঝুলছে। পরে গিয়ে তিনি বাবাকে শনাক্ত করেন। তাঁর দাবি, দুর্বৃত্তরা রফিকুলকে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়, এরপর পরিবারের সদস্যরা এসে শনাক্ত করেন।


এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী সকাল ১১টা থেকে প্রায় এক ঘণ্টা কুষ্টিয়া–রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে বেলা ১১টা ৫০ মিনিটে অবরোধ তুলে নেওয়া হয়।


কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং সবদিক মাথায় রেখে তদন্ত চালানো হচ্ছে। সড়কে যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।